ডিজিটাল ইন্ডিয়ার ৬ বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি বলেন, "ডিজিটাল ইন্ডিয়ার অর্থ সময়, শ্রম ও খরচের সাশ্রয়। ডিজিটাল ইন্ডিয়ার অর্থ দ্রুত লাভ, সম্পূর্ণ লাভ। ডিজিটাল ইন্ডিয়ার অর্থ ন্যূনতম ‘গভর্মেন্ট’, সর্বোচ্চ ‘গভর্নেন্স’।" সেই সঙ্গে এই দশকে ডিজিটাল প্রযুক্তি ও বিশ্ব ডিজিটাল অর্থনীতিতে ভারতের ক্ষমতা আরও উন্নত হয়ে উঠবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই কারণেই বিশেষজ্ঞরা এই দশককে ভারতের Techade হিসেবে দেখছেন।" প্রধানমন্ত্রী বলেন, অতিমারীর সময়ে ভারতের তৈরি ডিজিটাল সলিউশন গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। আরোগ্য সেতুর মতো অ্যাপ করোনার বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোদী বলেন, "নতুন সহস্রাব্দের সন্তানরা ডিজিটাল ভারতের সুবিধা পাবেন৷ কম খরচে ইন্টারনেট,স্মার্টফোন তাঁদের সাহায্য করবে।"
ভারত তথ্যের পাওয়ারহাউজ হিসেবে গড়ে উঠেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।তাঁর কথায়, "আমাদের পাখির চোখ হল উদ্ভাবন। নতুন নতুন আবিষ্কারের দরজা খুলেই এগিয়ে যাবে ভারত।"