মেয়েদের জন্য সৈনিক স্কুলের দ্বার অবারিত করে দিল কেন্দ্রীয় সরকার। রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, দেশের সমস্ত সৈনিক স্কুলেই এ বার থেকে মেয়েরা ভর্তি হতে পারবেন। মোদী বলেন, ‘‘মেয়েদের কাছ থেকে এ নিয়ে অনেক চিঠি পেয়েছি। তাই সৈনিক স্কুলগুলি আমাদের মেয়েদের জন্যও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’’
দেশের ৩৩টি সৈনিক স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সৈনিক স্কুল সোসাইটি। অল্প বয়স থেকে পড়ুয়াদের সেনাবাহিনীর উপযুক্ত করে তোলার জন্যই সৈনিক স্কুলের প্রতিষ্ঠা।