লালকেল্লায় দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের ভাষণে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরিবহণ ব্যবস্থাকে আমুল বদলাতে ১০০ লক্ষ কোটি টাকারও বেশি খরচে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের ফলে দেশের পরিকাঠামো ক্ষেত্র আমুল বদলে যাবে, যা আগামীদিনে বিপুল রোজগারের রাস্তা খুলে দেবে, দাবি প্রধানমন্ত্রীর।
১০০ লক্ষ কোটি টাকারও বেশি এই প্রকল্প মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য। আগামী ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণকে জুড়ে দেবে, ঘোষণা মোদীর। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হচ্ছে নতুন বিমানবন্দরও। উড়ান যোজনা সব প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দাবি, এই গতিশক্তি প্রকল্প লক্ষ লক্ষ যুবকের জন্য রোজগারের ব্যবস্থা করবে, নতুন ভারতের পরিকাঠামো নির্মাণের শক্তি হয়ে দাঁড়াবে।