সোমবার থেকে আনলকের প্রক্রিয়া শুরু হচ্ছে দিল্লিতে। শুক্রবার একথা জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩১ মে দিল্লিতে শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। এদিকে লকডাউনের জেরে রাজধানীতে সংক্রমণের পরিমাণ এখন অনেকটাই কম। তার প্রেক্ষিতেই সোমবার থেকে সেখানে আনলক প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন নির্মীয়মাণ এলাকা ও কারখানায় কর্মরত শ্রমিকরা। মূলত তাঁদের সমস্যার কথা চিন্তা করেই আনলক প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। সোমবার থেকে শিল্পাঞ্চলগুলিতে ফের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।