বিংশ শতাব্দীর বিশিষ্ট কথা সাহিত্যিক, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজ ১২৪ তম জন্মজয়ন্তী। তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক। সম্মানিত হয়েছেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার,পদ্মশ্রী এবং পদ্মভূষণ-এ।
১৮৯৮ খ্রিষ্টাব্দের ২৩ জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তারাশংকর। ১৯১৬ সালে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ইন্টারমিডিয়েট পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগ দেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে ১৯৩০ খ্রিষ্টাব্দে গ্রেপ্তার হলেও পরে মুক্তি পেয়ে যান।
১৯৩২ এ প্রকাশিত হয় প্রথম উপন্যাস "চৈতালী ঘূর্ণি"।
তার লেখায় বারবার উঠে এসেছে গ্রাম বাংলার জীবন, মানুষের ভাঙা গড়া, রোজকার জীবন যুদ্ধের কথা। তার লেখা উপন্যাসের মধ্যে হাঁসুলি বাঁকের উপকথা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম, সন্দীপন পাঠশালা, আরোগ্য নিকেতন, নাগরিক, নিশিপদ্ম প্রভৃতি উল্লেখযোগ্য।