আবারও মুখ্যমন্ত্রী বদল হল বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিংহ ধামী। শনিবার বিকেলে রাজধানী দেহরাদূনে বিজেপি বিধায়কদের বৈঠকে সর্বসস্মত ভাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেব ধামীর নাম অনুমোদিত হয়েছে। বিজেপির জাতীয় নেতৃত্বের তরফে এ কথা জানানো হয়েছে। বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন নরেন্দ্র সিংহ তোমর। ধামি জানিয়েছেন, দলের দেওয়া দায়িত্ব সাধারণ সৈনিকের মতো পাকন করবেন তিনি।
ধামী উধম সিংহ নগর জেলার খটিমা কেন্দ্রের বিধায়ক। শনিবার রাতেই তিনি শপথ নিতে পারেন। শুক্রবার রাতে রাজ্যপাল বেবি রানি মৌর্যের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তীরথ সিংহ রাওয়ত। এরপর তাঁর উত্তরসূরি নির্বাচনের সক্রিয়তা শুরু হয়।
গত ১০ মার্চ ত্রিবেন্দ্র সিংহ রওয়াতের ইস্তফার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন গঢ়ওয়ালের সাংসদ তীরথ। কিন্তু কোভিড পরিস্থিতিতে বিধানসভা উপনির্বাচনে না হওয়ায় বিধায়ক হতে পারেননি তিনি।
শুক্রবার পদত্যাগের পর তীরথ বলেন, "করোনার কারণে এখন উপনির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সঙ্কট হতে পারে, সে কথা মাথায় রেখে নৈতিক কারণে ইস্তফা দিয়েছি।" যদিও তাঁর ইস্তফার কারণ হিসেবে রাজ্য বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে।