অপেক্ষার অবসান। দীর্ঘ চার মাস পর সকলের জন্যই খুলে গেল পুরীর জগন্নাথ মন্দির। সোমবার থেকে সেখানে সব পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। অন্য রাজ্য থেকেও এলেও মিলবে জগন্নাথ দর্শন। তবে আরটি–পিসিআর নেগেটিভ রিপোর্ট বা টিকা নেওয়ার শংসাপত্র সঙ্গে রাখতে হবে।
পুজোও দিতেও পারবেন ভক্তরা। তবে অবশ্যই মানতে হবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। করোনা আবহে সংক্রমণ রুখতে শুরু থেকে কড়া পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ৩ মাস পর ১২ আগস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ আগস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবার দর্শনের সুযোগ পায়। এরপর দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ আগস্ট অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকার পর ২৩ আগস্ট থেকে সকলের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেল।