সদ্যপ্রয়াত কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ৭৮ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাথলিটের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছা বার্তা দিলেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর বিশ্বাস, বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন খেলোয়াড়রা। গত ১৮ জুন ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন উড়ন্ত শিখ মিলখা। মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেন, "মিলখা সিং যখন শেষবার হাসপাতালে ভরতি ছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। অনুরোধ জানিয়েছিলাম, অলিম্পিকে অংশ দেওয়া অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে। তিনিই তো আগামীর অনুপ্রেরণা। এর আগেও তাঁর সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। তখনও তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়। খানিকক্ষণ কথা বলেই বুঝেছিলাম, খেলার প্রতি তাঁর ভালবাসা ঠিক কতখানি।"