বর্ষা ঢুকতে না ঢুকতেই বুধবারের বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। টানা বৃষ্টির জেরে ভাসছে মুম্বই। জল জমার জেরে বন্ধ হয়েছে যানবাহন চলাচলও। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তা চলে গিয়েছে জলের তলায়। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোলাবায় ৭৭ মিলিমিটার এবং সান্টাক্রুজে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেলায় বৃষ্টির দাপট ক্রমশই বেড়েছে। মুম্বইয়ের অনেক জায়গায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। জলমগ্ন একাধিক জায়গায় ধীর গতিতে চলছে গাড়ি। সিও এবং কুরলার মধ্যে রেল লাইনে জল জমলেও ট্রেন চলছে স্বাভাবিক ভাবেই। তবে অনেক জায়গায় বন্ধ ট্রেন চলাচল। মৌসম ভবনের তরফে জানান হয়েছে বুধবার মুম্বইয়ের আকাশ সারাদিন মেঘলাই থাকবে৷ মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে একাধিক এলাকায়। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু সতর্কতাও অবলম্বন করেছে প্রশাসন।