১৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারের বেশ কয়েকটি ছবি টুইট করেছেন মোদী। জানিয়েছেন, রুদ্রাক্ষ তৈরি হয়েছে ভারত-জাপান যৌথ সহযোগিতায়। ভবিষ্যতে বারাণসী বা কাশিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে সাহায্য করবে এই চোখ ধাঁধানো কনভেনশন সেন্টার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভুমিকা নেবে এটি।
বারাণসীর অভিজাত সিগরা এলাকার ভবনটি তৈরি করা হয়েছে শিবলিঙ্গের আদলে, রোপণ করা হয়েছে ১০৮টি রুদ্রাক্ষের চারা। দ্বিতল ভবনটি তৈরি হয়েছে ২.৮৭ হেক্টর জমিতে। ১২০০ দর্শকাসন বিশিষ্ট হল রয়েছে কনভেনশন সেন্টারে।
২০১৫-র ভারত সফরে এসে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ওই চত্ত্বরে একটি রুদ্রাক্ষের চারা রোপন করেছিলেন। কনভেনশন সেন্টারটি বানাতে জাপান ১৮৬ কোটি টাকা অর্থ সাহায্য করেছে।