দীর্ঘ তিন বছর কাবুলে ভারতীয় দূতাবাস রক্ষার দায়িত্বে ছিল তারা। আফগানিস্তানে অশান্ত সময়ে দূতাবাসের অন্য কর্মীদের মতো তাদেরও ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনা। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে কর্মরত তিনটি স্নিফিং ডগ- মায়া, ববি এবং রুবিকে সম্প্রতি এয়ারফোর্সের সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে গুজরাটের জামনগরে ফেরত আনা হয়েছে।
বুধবার আইটিবিপির চাওয়ালা ক্যাম্পে তারা পৌঁছয়। গত তিন বছর ধরে কাবুলে ভারতীয় দূতাবাসের বম্ব স্কোয়াডে কর্তব্যরত ছিল তারা। ৫-৬ বছর বয়সী এই কুকুরগুলি যে কোনও গন্ধ শুঁকে সম্ভাব্য বিপদ থেকে সাবধান করতে পারত। নানা সময়ে বহু আফগান স্থানীয় বাসিন্দাদেরও প্রাণ বাঁচিয়েছে। তাঁদের দায়িত্বে থাকা হেড কনস্টেবল কিষাণ কুমার, বীজেন্দ্র সিং এবং অতুল কুমারের কাজকেও কুর্নিশ জানিয়েছে আইটিবিপি। এক আধিকারিক জানিয়েছেন, “দেশে ফিরতে পেরে ওরা তিনজন খুব খুশি। এখন চেনা পরিসরে, চেনা গন্ধ-দৃশ্য এবং শব্দ শুনে রীতিমতো উৎফুল্ল এই সারমেয়রা।”
এবার ববিদের নতুন দায়িত্ব ছত্তিসগড়ে। অ্যান্টি মাওইস্ট অপেরাশনের কাজে বহাল করা হয়েছে তাদের।