জম্মু কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ২ জঙ্গি। পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের আলমদার কলোনিতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পেয়ে অভিযান চালায় বাহিনী। সে সময় বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সূত্রে দাবি, সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি। আরও কেউ লুকিয়ে আছে কি না, তা দেখতে তল্লাশি চলছে।
এর আগে পুলওয়ামায় মঙ্গলবার রাত থেকে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। পাশাপাশি, কুলগামে রেললাইনের ধার থেকে বৃহস্পতিবার উদ্ধার হয়েছে ২০ কেজি আইইডি।
এর মধ্যেই ফের জম্মুর আকাশে উড়ল ড্রোন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়। নান্দপুরে সেনা জওয়ানরা ড্রোন লক্ষ্য করে গুলিও চালান। বেশ কিছুক্ষণ জম্মুর আকাশে ছিল ওই চারটি ড্রোন।