রবিবার, ৭৫তম স্বাধীনতা দিবসের দিনই রীতিমতো আগুন জ্বলে উঠল মেঘালয়ে। পুলিশের গাড়ি ছুনতাই করে ধরিয়ে দেওয়া হল আগুন। জায়গায় জায়গায় দেখানো হল কালো পতাকা, পুলিশকে লক্ষ্য করে পড়ল ইট-পাথর। এরপরই শিলং শহরে জারি করা হয়েছে কারফিউ। ১৭ অগাস্ট পর্যন্ত তা জারি থাকবে। গোটা রাজ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই ঘটোনার জেরে ইস্তফা দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী লাখমেন রিম্বুই।
বৃহস্পতিবার রাতে পুলিশের বিরুদ্ধে প্রাক্তন বিদ্রোহী নেতা চেরিশস্টারফিল্ড থাংখিউ-এর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর তাকে গুলি করে হত্য়া করার অভিযোগ ওঠে। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তাঁকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এরপরই শিলংয়ের কিছু অংশে অস্থিরতা শুরু হয়েছিল। শনিবার, পুলিশের টহলদারি দলের একটি গাড়িতে পাথরও ছোড়া হয়। চাপের মুখে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা প্রাক্তন বিদ্রোহী নেতার মৃত্যুর ম্যাজিস্ট্রেটাল তদন্তের আশ্বাস দেন।