করোনা পরিস্থিতির মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস আরও একটি নতুন সঙ্কট তৈরি করেছে দেশে। এই রোগ কীভাবে শনাক্ত করা হবে এবং তা থেকে প্রতিরোধের উপায় সম্পর্কে টুইটারে পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। এই ফাঙ্গাস মূলত করোনা আক্রান্তদের শরীরে দেখা দিচ্ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে এই রোগে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এ প্রসঙ্গে মন্ত্রীর পরামর্শ, সচেতনতা ও দ্রুত চিকিৎসার মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব। সাধারণত কো-মর্বিডিটি, ডায়াবেটিস ও দীর্ঘদিন ধরে আইসিইউ-তে থাকা রোগীদের শরীরে এই ফাঙ্গাস বেশি দেখা দিচ্ছে। এর ফলে চোখ লাল হয়ে ব্যথা হওয়া, জ্বর, মাথাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তবমি ও অস্বাভাবিক মানসিক অবস্থার মতো লক্ষণগুলি দেখা দিচ্ছে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন।