উত্তরপ্রদেশের গাজিপুর। দিনের আলো ফুটতে না ফুটতেই রোজকার মতো গঙ্গায় নৌকা ভাসানোর প্রস্তুতি নিচ্ছিলেন মাঝি গুল্লু চৌধুরী। হঠাতই তাঁর নজরে আসে নদীতে ভেসে আসছে কাঠের বাক্স। বাক্সের ওপরে আবার ঠাকুরের ছবি। কৌতূহল নিয়ে বাক্সের ঢাকনা খুলতেই হতভম্ব মাঝবয়সী গুল্লু। বাক্সের ভেতরে শুয়ে ফুটফুটে এক সদ্য়োজাত। সদ্যোজাতের মন জুড়ানো মিষ্টি হাসি দেথে পরম মমতায় কন্যা সন্তানটিকে কোলে তুলে নেন গুল্লু। স্থির করেন গঙ্গার দান মনে করেই শিশুটিকে বড় করে তুলবেন। স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে সদ্যোজাতকে। চিকিতসার যাবতীয় খরচ ও লালনপালনের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর প্রদেশ সরকার।মাঝির মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুল্লু চৌধুরীকে সরকারি সাহায্যও করা হবে সন্তান প্রতিপালনে।