বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কাজলের আজ ৪৭ তম জন্মদিন। বলিউড যখন সাবালক হয়নি, যখন মহিলাকেন্দ্রিক ছবির চলই ছিল না তেমন, সেই সময় থেকেই কাজলের অভিনয় নিয়ে আলোচনা হয়েছে সারা দেশে।
জন্মদিনে কাজলের অনুরাগীদের জন্য বেশ মজার একটা তথ্য ফাঁস করেছেন স্বামী অজয় দেবগন। অজয়-কাজলের বিয়ে নিয়ে যতটা না খুশি ছিল দেবগন পরিবার, তার চেয়ে ঢের বেশি ছিল স্বস্তি। বাড়িতে কেউ তো অন্তত কথা বলছে শেষমেশ। শুরু থেকেই অজয় দেবগন একদম শান্ত প্রকৃতির। দু'জনেই চুপ থাকলে চলবে কী করে?
১৯৯৫ এ 'হালচাল' সিনেমার সেটে কাজল-অজয়ের প্রথম দেখা। সেখান থেকেই ধীরে ধীরে পরিচয় বদলে গেল পরিণয়ে। ১৯৯৯ সালে বিয়ে করেন কাজল-অজয়।
১৯৯২ তে কাজলের ফিল্মি কেরিয়ার শুরু। ১৯৯৩ এর 'বাজিগর' দিয়েই তরতরিয়ে ওপরে ওঠা। অভিনেত্রীকে সম্প্রতি নেটফ্লিক্স এর 'ত্রিভঙ্গ' তে দেখা গিয়েছে।