করোনায় মৃত্যু নিয়ে গরমিল ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। করোনায় মৃতদের ক্ষতিপূরণের একটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, যে জায়গাতেই করোনা আক্রান্তের মৃত্যু হোক না কেন, ডেথ সার্টিফিকেটে তা “করোনায় মৃত্যু” বলেই উল্লেখ করতে হবে। যদি কোনও চিকিৎসক এই নিয়ম অনুসরণ না করেন, তার বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়াও হবে।
গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ শুরু হলেও কেবলমাত্র হাসপাতালে যে সমস্ত করোনা রোগীদের মৃত্যু হচ্ছে, তাদেরই মৃত্যুর সার্টিফিকেটে করোনা সংক্রমণে মৃত্যু বলে উল্লেখ করা হত। কিন্তু বাড়িতে বা হাসপাতালের বাইরে যাদের মৃত্যু হয়েছে, তাদের করোনায় মৃত বলে ধরা হত না এবং মৃতদের তালিকাতেও যোগ করা হত না। কিন্তু শনিবার রাতে ১৮৩ পাতার হলফনামায় বলা হয়, “যে কোনও জায়গাতেই করোনা রোগীর মৃত্যু হোক না কেন, তা করোনায় মৃত্য়ু বলেই উল্লেখ করতে হবে।”