শরীর সুস্থ রাখতে প্রোটিন খাওয়া খুব দরকার, সেটাতো জানি আমি আপনি সবাই। কিন্তু নিয়মিত প্রোটিন খাচ্ছেন, লাভ হচ্ছে না কিছুই। তাহলে গোলমালটা কোথায়? আচ্ছা, দিনের কোন সময় প্রোটিন বেশি খাচ্ছেন আপনি? ব্রেকফাস্টে, না ডিনারে? কোন সময়ে প্রোটিন খাচ্ছেন, তার ওপরেও নির্ভর করছে উপকারিতা।
জাপানের ওয়াসিডা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে সকালেই বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। অধিকাংশ মানুষ উলটোটাই করেন। একটি সমীক্ষা বলছে, গড়ে মানুষ সকালের প্রাতঃরাশে প্রোটিন খায় ১৫ গ্রাম। রাতের খাবারে ২৩ গ্রাম। বিজ্ঞানীরা বলছেন, ঠিক এর বিপরীতটা করাই শরীরের পক্ষে ভাল।
শরীরের বাকি সব প্যারামিটার ঠিক থাকলে সকালে হাই প্রোটিন যুক্ত খাবার খেলে শরীরের পেশি বেশি শক্তিশালী হয়।