রাম মন্দিরের জমি বেচাকেনায় দুর্নীতির অভিযোগে এবার নাম জড়াল অযোধ্যার মেয়রের। অভিযোগ, ২০ লক্ষ টাকার জমি ৩ মাসের মধ্যে ২ কোটি ৩৬ লক্ষ টাকা দামে কেনে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। জমি-দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে অযোধ্যার মেয়র হৃষিকেশ উপাধ্যায়ের ভাগ্নে দীপনারায়ণ উপাধ্যায়ের। সূত্রের খবর, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জমির মালিকানা ছিল মহান্ত দেবেন্দ্রপ্রসাদ আচার্যর। ওই দিন দীপনারায়ণ উপাধ্যায় জমিটি ২০ লক্ষ টাকায় কেনেন। অভিযোগ, ১১ মে সেই জমিই তিনি আড়াই কোটি টাকায় ট্রাস্টকে বেচে দেন। যদিও দীপনারায়ণের দাবি, ট্রাস্ট ওনার কাছ থেকে দুটো জমি কেনে। সেই দুটো জমির দাম বাবদ তাঁর অ্যাকাউন্টে জমা পড়ে সাড়ে ৩ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি, টিডিএস এবং আয়কর দেওয়ার পর তিনি হাতে পান ২ কোটি ৩৬ লক্ষ টাকা।