অতিমারী পর্বে তাঁকে দেবদূতের মতো পাশে পেয়েছেন ঘরহারা অনেক মানুষ। এখন তিনি নিজেই করোনা আক্রান্ত, কিন্তু তাতে কী? কোয়ারেন্টাইন যেন সোনু সুদকে অন্যের পাশে দাঁড়ানোর অবকাশটুকু আরও বাড়িয়ে দিল। করোনা আক্রান্ত অভিনেতা বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রথম ডোজের করোনা টিকা নিয়েছিলেন সোনু।
শনিবার দুপুরে পোস্টে তিনি লেখেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্ত সচেতনতা বিধি মেনে ইতিমধ্য়ে আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না, আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় পাব এবার। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি’।