রিল লাইফের সাফল্য এবার পৌঁছে দিতে হবে রিয়েল লাইফেও৷ সামনে বড় দায়িত্ব। শপথগ্রহণের পরেই তাই শুরু কাজ। ব্যারাকপুরের বিধায়ক হিসাবে শপথগ্রহণ করার পরেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছেন তিনি। আপাতত ব্যারাকপুরেই রয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ লেখেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। খুব তাড়াতাড়ি আমরা মানুষকে বিনামূল্যেএই পরিষেবা দিতে সক্ষম হব। এই পরিকল্পনায় সামিল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।' লেখাটির সঙ্গে কিছু ছবিও পোস্ট করেছেন রাজ। পরিচালকের সেই পোস্টে অনেকেই সাহায্যের আর্জি জানিয়েছেন।