ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও-র তৈরি করোনা ওষুধ ২ডিজি-র প্রতিটি পাউচের দাম ৯৯০টাকা। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে একথা ঘোষণা করা হয়েছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারী হাসপাতালগুলিতে এই ওষুধের উপর ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ট্রায়ালে দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের চিকিৎসায় এই ওষুধ অত্যন্ত কার্যকরী। সফল ট্রায়ালের পরই চলতি মাসের শুরুতে করোনার চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের উপর ছাড়পত্র দিয়েছিল ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া।
১৭ মে এই ওষুধের প্রথম ব্যাচ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। দিল্লির একাধিক হাসপাতালে এই ওষুধ পৌঁছে দেওয়া হয়েছিল। এরপর ২৭ মে দ্বিতীয় ব্যাচে থাকা ১০ হাজার ওষুধ ডক্টর রেড্ডিস ল্যাবের তরফে একাধিক হাসপাতালে সরবরাহ করা হয়েছে।