সুপ্রিম কোর্ট নির্দেশ ছিলই। সেই মতো এ বার পশ্চিমবঙ্গেও কার্যকর হল ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা।
শুক্রবার এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিয়েছে নবান্ন। খাদ্য দফতরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যে পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান, তাঁদের যাতে খাদ্যাভাব না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল।
বস্তুত, এই কারণ দেখিয়েই পশ্চিমবঙ্গ সরকারকেও ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করতে বলেছিল সুপ্রিম কোর্ট।
রাজ্যের তরফে জানানো হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত রয়েছে, তাঁরা এখন থেকে দেশের যে কোনও জায়গা থেকেই রেশন তুলতে পারবেন।
এই উদ্যোগ সফল করতে বিগত মাসখানেক ধরেই রাজ্যে জোরকদমে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে।
সেই কাজ অনেকটাই হয়ে এসেছে বলে খবর নবান্ন সূত্রে। অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে সংযুক্তিকরণের কাজ শেষও হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন।