করোনা পরিস্থিতির মধ্যে হরিদ্বারে বৃহস্পতিবার থেকেই শুরু হল কুম্ভ মেলা। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কুম্ভ মেলা নিয়ে যথেষ্ট সতর্ক উত্তরাখণ্ড সরকার। পবিত্র স্নানে যোগ দিতে আসা বিভিন্ন প্রান্তের মানুষকে মানতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। স্নানের জন্য এপ্রিল মাসের ১২, ১৪, ২১ ও ২৭ তারিখ ধার্য্য করা হয়েছে। তবে কুম্ভ মেলায় যোগ দেওয়ার জন্য পুণ্যার্থীদের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট থাকা বাধ্যতামূলক। মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট না থাকলে মেলায় যোগ দিতে পারবেন না পুণ্যার্থীরা। এই পরিস্থিতিতে প্রতিদিন করোনার নমুনা পরীক্ষার পরিমাণ ৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।