তারকারা চলে গেলে মন খারাপ হয়, তবে তার রেশ স্বল্পমেয়াদী। ইরফান খান তারকা ছিলেন না। নায়ক ছিলেন না। তবে এমন এক অভিনেতা ছিলেন, যার চলে যাওয়া আমাদের মতো সাধারণ মানুষের মনেও গভীর ক্ষত তৈরি করেছে। সেই ক্ষতের আজ এক বছর। বুকজমাট মন খারাপের এক বছর। আজ ইরফান খানের প্রয়াণ দিবস। ইরফানের ছেলে বাবিল প্রায়ই বাবার নানা ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আজও করেছেন। একদম অন্যরকম ছবি। ঘরের মধ্যে টেবিল বানাচ্ছেন ইরফান। মারণ রোগ ততদিনে বাসা বেঁধেছে শরীরে। সেই যন্ত্রণার দিনগুলোতেও ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজতেন ইরফান। টেবিল বানাতেন, জার্নাল লিখতেন নিজের। একেবারে আটপৌরে জীবনের আনন্দ, যার স্বাদ তারকারা, অভিনেতারা পান না, ইরফান পেতেন। ইরফান জীবনটাকে নিজের শর্তে বেঁচে নিতে জানতেন।