ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ উঠল ত্রিপুরায়।
তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, ত্রিপুরা পুলিশ রবিবার রাত থেকে আগরতলার উডল্যান্ড পার্ক হোটেলে আটকে রেখেছে আইপ্যাকের দলটিকে। সূত্রের খবর, গত সপ্তাহে সমীক্ষার কাজে গিয়েছিল আইপ্যাকের ২৩ জনের একটি দল। রাজধানী আগরতলার একটি হোটেলে ছিলেন সদস্যেরা। রবিবার রাতে হঠাৎই হোটেলে হানা দেয় পুলিশ।
টিম-পিকের সদস্যদের জোর করে আটকে রাখা হয়।পিকে-র যদিও দাবি, তিনি বর্তমানে আইপ্যাকের সঙ্গে আর যুক্ত নন। তবে এখনও এই সংস্থা তাঁর নামেই পরিচিত। তৃণমূলের রাজ্য সভাপতি আশিসলাল সিং বিজেপি শাসিত বিপ্লব দেব প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।
সেই অভিযোগ কালীঘাটেও এসে পৌঁছেছে বলে খবর তৃণমূল সূত্রে।বিষয়টি নিয়ে টুইট করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, ত্রিপুরায় তৃণমূল পা রাখার আগের ভয় পেয়ে গিয়েছে বিজেপি। তৃণমূলের বঙ্গ বিজয়ে বিজেপি ভয় পেয়েই এই সব কাণ্ড ঘটাচ্ছে বলে টুইটে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।