শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সোমবার আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট পরবর্তী হিংসা ছাড়াও দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে এ দিন হুঁশিয়ারি দিতে শোনা যায় রাজ্যপালকে। তিনি মনে করিয়ে দেন, বাকি রাজ্যের মতো এ রাজ্যেও দলত্যাগ বিরোধী আইন বলবৎ রয়েছে। রাজ্যপাল এদিন বলেন“পশ্চিমবঙ্গে হিংসার তাণ্ডবনৃত্য চলছে। রাজ্য প্রশাসনকে অনুরোধ করছি, নিরপেক্ষ ভাবে কাজ করুন। যা এখানে হচ্ছে, তা পৃথিবীর কোনও কোথাও হয় না।” মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় সমালোচনা করে রাজ্যপাল বলেন, “আপনি গণতন্ত্রকে শেষ নিঃশ্বাসের দিকে নিয়ে যেতে পারেন না।”একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।