সোমবার আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। এই মামলার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টে মামলার স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই। রবিবার বিকেল থেকে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে কলকাতা ও বিভিন্ন জেলায়। মেয়েদের রাতদখল কর্মসূচিও হয়েছে। এই আবহে সুপ্রিম কোর্ট সিবিআই-কে কী বলে, তার দিকে তাকিয়ে সব পক্ষই।
গত বৃহস্পতিবার ছিল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। গত বুধবার সন্ধ্যায় আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না। বেঞ্চে ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। গত বৃহস্পতিবার বেশ কিছু মামলা শুনবেন বলেও জানানো হয়। কিন্তু তার মধ্যে আরজি কর মামলা ছিল না। শুনানি না হওয়ায় হতাশ হয়েছিল সাধারণ মানুষও। এরপর সোমবার এই মামলার দিকে তাকিয়ে কলকাতা ও রাজ্য।
চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিলেও নতুন করে এই মামলায় গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও, এই খুন ও ধর্ষণ কাণ্ডে তিনি জড়িত কিনা, তাও জানাতে পারেনি সিবিআই। রবিবার ঘোলা থানার আইসি-কে তলব করে সিবিআই। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে পেশ করার সময় ছিলেন না সিবিআইয়ের কোনও তদন্তকারী অফিসার। ওই ঘটনায় ক্ষুব্ধ হন বিচারক। সিবিআই-কে মামলার গুরুত্ব না বোঝা নিয়ে তোপ দাগেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার শীর্ষ আদালতে মামলার অগ্রগতি নিয়ে কী জানাবেন সিবিআইয়ের আইনজীবী, এবার তারই অপেক্ষা।