আগুন লেগে গিয়েছিল চারতলা বাড়িতে। তারপরই এক সময় রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়িটি। নেটমাধ্যমে সেই দৃশ্য দেখে হতবাক অসংখ্য মানুষ। ঘটনাটি বুধবার ঘটেছে দিল্লির রোশেনারা রোডে। সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে ওই বহুতলে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। দমকল যখন আগুন নেভানোর কাজ করছিল সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি।
পুলিশ জানিয়েছে, বহুতলে আগুন লাগার পরই আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছিল। ফলে বহুতলটি ভেঙে পড়লেও কেউ হতাহত হননি। তবে কী ভাবে আগুন লেগেছিল, আগুনের উৎসই বা কী ছিল, তা খতিয়ে দেখছে দমকল।