করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে সাধারণের জন্য ফের খুলছে আলিপুর চিড়িয়াখানার দরজা। করোনাবিধি মেনে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন যে কেউ।
গত মে মাসে করোনা সংক্রমণ রুখতে লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়েছে। কর্মীদের প্রত্যেকেরই ২টি করে ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। তবে চিড়িয়াখানায় ঢুকতে গেলে মানতে হবে করোনা বিধি, পরতে হবে মাস্ক। মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং।
এবিষয়ে নজরদারির জন্য চিড়িয়াখানায় নিয়োগ করা হয়েছে প্রচুর বেসরকারি নিরাপত্তারক্ষী। তবে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে না কোনও ভ্যাকসিন সার্টিফিকেট।