ফের ক্যাম্পাসে যৌন হয়রানির অভিযোগ উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে৷ জেএনইউ স্টুডেন্টস' ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ তাঁর ফেসবুক পোস্টে তিনটি অভিযোগ করেছেন। তাঁর দাবি, হোলির দিন নগ্ন হয়ে জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের কটূক্তি করেছেন কয়েকজন ব্যক্তি। দ্বিতীয়ত, গত ১৭ ও ২৭ এপ্রিল তাপ্তি হোস্টেলে মহিলাদের হয়রানি করা হয়েছে। তৃতীয়ত, একদল মত্ত ব্যক্তি জেএনইউ ক্যাম্পাসে ছাত্রীদের ধাওয়া করছে। এই প্রেক্ষিতে আইসিসি বা অভ্যন্তরীন অভিযোগ নিয়ে তৈরি কমিটির বদলে পুরনো জিএসক্যাশ (GSCASH) ফিরিয়ে আনার দাবিও তুলেছেন এসএফআই নেত্রী। জেএনইউ ক্যাম্পাসে যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আগে জিএসক্যাস নামে একটি প্রাতিষ্ঠানিক বডি ছিল। এই কমিটিতে নির্বাচিত পড়ুয়া ও শিক্ষক প্রতিনিধিরা থাকতেন। ২০১৬ সালের পর তা তুলে দেওয়া হয়। বদলে আইসিসি আসে। আইসিসিতে নির্বাচিত সদস্যের সংখ্যা মাত্র ১। গত এক-দেড় বছর ধরে সেই নির্বাচনও হয়নি। ফলে আইসিসিতে এখন পড়ুয়াদের প্রতিনিধিত্ব নেই।