করোনা পরিস্থিতির মধ্যে পরিযায়ী শ্রমিকদের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল সোনু সুদকে। বিমান, বাস ও ট্রেনে করে ভিন রাজ্য থেকে শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন তিনি। এভাবেই রিল লাইফের ভিলেন ইমেজ ঝেড়ে হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ হিরো। তাঁর এই কাজকে স্বীকৃতি দিতে তাঁর নামে একটি বিশেষ বিমান উৎসর্গ করল স্পাইসজেট। বিমানের গায়ে আঁকা রয়েছে সোনুর প্রতিকৃতি। রয়েছে পরিযায়ী শ্রমিকদের প্রতিকৃতিও। আর ছবির উপর লেখা "এ স্যালুট টু দা সেভিয়ার সোনু সুদ"। এই ছবি টুইটারে শেয়ার করেছেন সোনু নিজেই।