নিজেদের বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট (electrocution) হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হল৷ ঘটনাটি ঘটেছে খড়দহ থানা এলাকার অন্তর্গত পাতুলিয়া গভর্মেন্ট কোয়ার্টারে।
ওই কোয়ার্টারের বাসিন্দা ৩৯ বছরের রাজা দাস নিজের বাড়িতে জমা জলের মধ্যে দাঁড়িয়ে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। তাঁর স্ত্রী বছর পঁয়ত্রিশের পৌলমী দাস দেখতে পেয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে যান। তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। বাবা-মা কে বিদ্যুৎপৃষ্ট অবস্থায় দেখে তাঁদের বাঁচাতে এগিয়ে আসে ১১ বছরের ছেলে শুভ দাস।
ওই দম্পতির ছোট ছেলে ঘরের ভিতরে খাটে বসে হতবাক হয়ে সমস্ত ঘটনাটি দেখে। এরপর সে স্থানীয় মানুষজনকে খবর দিলে প্রতিবেশীরা তিনজনকেই ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া পাতুলিয়া গভমেন্ট কোয়ার্টার অঞ্চলে।