ছোট থেকে মেয়েটা স্বপ্ন দেখতো শাহরুখ খানের সঙ্গে দেখা করার। ওই স্বপ্ন দেখাই কাল হল। কিং খানের সঙ্গে সিনামায় অভিনয়ের সুযোগ করিয়ে দেবে, ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে নদীয়ার দ্বাদশ শ্রেণির এক কিশোরীকে পাচারের অভিযোগ উঠল মুম্বইয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। মহারাষ্ট্রের মীরা রোডের বাসিন্দা সুভান শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইসমাইল সেখ নামে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের এক ব্যক্তিকেও।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই কিশোরীর আলাপ হয় মুম্বাইয়ের ওই ব্যক্তির সাথে। কিং খানের সঙ্গে অভিনয়ের সুজোগ করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে মুম্বই থেকে তেহট্টে গিয়ে কোচিং ক্লাস থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ করেন সুভান।
কিশোরীকে নিয়ে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে ধরে সুভান। এরপর রাত পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ে ওই কিশোরীর পরিবার। এরপরই পলাশীপাড়া থানায় একটি নিখোঁজ অভিযোগ করেন তাঁরা। তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ।