আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে টেট কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট ঘোষণা হবে। পর্ষদের তরফে এমনটাই জানা গিয়েছে। গত জানুয়ারি মাসে রাজ্যের তৃতীয় দফার টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই সময় প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর ঘোষণামত পুজোর আগে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।‘ আরও বলা হয়েছে, ‘রেজাল্ট বার করার আগে প্রশ্নের উত্তর আগে ওয়েবসাইটে প্রকাশিত হবে। তারপর টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।’
পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলা হয়েছে, ‘পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখুন। মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র পাবেন।’
গত সপ্তাহে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত, প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ।