আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে (TARAPITH TEMPLE)তারা মায়ের(TARA MAA) বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। করোনা আবহে এবারও তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষেধ।
মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। আজ রাতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেবায়েতরা এতে অংশ নেবেন।কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি।
ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।
করোনা আবহে গত বছরের মতো এবছরও কৌশিকী অমাবস্যার দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ৬ দিন বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। গত ১৭ অগাস্ট, প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোভিডের কারণে গত বছরের মতো এবছরও কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।