পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন চেয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল আদালত। বিচারক ভিনীত শরণ এবং দীনেশ মাহেশ্বরীর এই মামলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন। নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণও দিতে বলেছে আদালত। রঞ্জনা অগ্নিহোত্রী নামে উত্তরপ্রদেশের জনৈক আইনজীবী এবং জিতেন্দর সিং নামে এক সমাজকর্মীর পক্ষে এই মামলা করেছেন আইনজীবী হরিশঙ্কর জৈন৷ বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়া হলেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়নি।
মামলাকারীদের অভিযোগ, দোসরা মে থেকেই রাজ্যে সর্বাত্মক সন্ত্রাস চলছে। অন্তত ১৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। রাজ্যে অবিলম্বে সামরিক বা আধা সামরিক বাহিনী মোতায়পন না করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।