কেবল উত্তরবঙ্গ নয়, তাঁর সামনে এখন গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানের লড়াই। নতুন দায়িত্ব পেয়ে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বালুরঘাটের সাংসদ জানান, জেপি নড্ডার কাছ থেকে আসা চিঠিতেই তিনি নতুন দায়িত্বের কথা জানতে পারেন। তার আগে তিনি কিছুই জানতেন না।
উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ রাজ্য বিজেপির শীর্ষপদে বসলেন। সুকান্ত জানান, উত্তর বা দক্ষিণবঙ্গ নয়, তাঁর সামনে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। বিজেপি আদর্শভিত্তিক দল। তাই কোনো কোনো নেতা দল ছেড়ে চলে গেলেও কোনো ক্ষতি হবে না। সদ্যপ্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে বলেও দাবি সুকান্তের।
কিছুদিন আগেই পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। সেই দাবিতে সুর মিলিয়েছিলেন আরও বেশ কিছু বিজেপি নেতা। কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে এই সংক্রান্ত দাবি খারিজ করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।