কোভিড-সহ অন্যান্য রোগের চিকিৎসায় পাহার প্রমাণ বিলের অভিযোগ। এ বার কাঠগড়ায় কলকাতার তিন বেসরকারি হাসপাতাল। সোমবার অভিযোগকারী এবং হাসপাতালের বক্তব্য শুনে তিন হাসপাতালকেই অভিযোগকারীদের মোট সাড়ে ৪ লক্ষেরও বেশি টাকা ফেরতের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন।
কলকাতার এক বেসরকারি হাসপাতালের ঢাকুরিয়া, মুকুন্দপুর এবং সল্টলেক শাখার তিনটি ইউনিটের বিরুদ্ধে পৃথক ভাবে একাধিক অভিযোগ জমা পড়ে কমিশনে। সেই অভিযোগ শুনে ওই হাসপাতালকে মোট আড়াই লক্ষাধিক টাকার বেশি ফেরত দেওয়ার নির্দেশ দেয় কমিশন। ।
বাঘাযতীনের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগী ভর্তির আগে অগ্রিম টাকা চাওয়ার অভিযোগ করেন এক রোগীর পরিবার। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার সঠিক যুক্তি দিতে না পারায় এই হাসপাতালকেও রোগীর পরিবারকে এক লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বেডসোরের ভুল চিকিৎসা এবং তথ্য না জানানোর অভিযোগ করে রোগীর পরিবার। পরিবার কমিশনে অভিযোগ জানান। সোমবার এই মামলার শুনানির পর হাসপাতালকে এক লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।