ভবানীপুর-সহ রাজ্যের তিনটি বিধানসভা আসনে ভোটের আগে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কি না সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে।
রাজ্যের তরফে কমিশনকে জবাব দিয়েছেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।নবান্ন সূত্রের খবর, বুধবার নির্বাচন কমিশনের চিঠির জবাবে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, ওই তিন কেন্দ্রের কোনও পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে না। তাই নির্বাচনী বিধিভঙ্গের প্রশ্ন নেই।
পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত বুধবারের বৈঠকে ওই তিন কেন্দ্রের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলেও কমিশনকে জানিয়েছেন তিনি।