দু’মিনিটের মিনি টর্নেডোয় প্রভাবে লণ্ডভণ্ড সাগরদ্বীপ এলাকা। স্থলভাগে তৈরি হওয়া এই টর্নেডোর জেরে ভেঙেছে পঞ্চায়েত সমিতির অতিথি আবাস, কয়েকটি অস্থায়ী দোকান এবং ছিঁড়েছে বিদ্যুতের তার। একটুর জন্য বেঁচেছে কপিল মুনির আশ্রম। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দুর্যোগের খবর পেয়েই ঘটনাস্থলে পোঁছয় জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। অতিথি আবাসে আটকে থাকা কয়েকজন পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রায় ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে স্থলভাগেই দাপিয়ে বেড়ায় এই টর্নেডো। স্থলভাগের দিকে এগোতে থাকায় উপকূলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু স্থলভাগে প্রবেশের আগেই ক্ষমতা হারায় সেই দুর্যোগ।