বড় পর্দায় তাঁকে প্রথম বার দেখা গিয়েছিল ২০১০ সালে। মঞ্চের সঙ্গে ঋদ্ধি সেন ঘর করছেন অবশ্য শৈশব থেকেই। এবার হাতেখড়ি হল চলচ্চিত্র পরিচালনায়। শুরুটা অবশ্যই স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়ে। নবারুণ ভট্টাচার্যের ছোট গল্প কোল্ড ফায়ার নিয়ে ছবি বানালেন ঋদ্ধি। প্রথম ছবিতেই কাজ করেছেন বাবা কৌশিক সেনের সঙ্গে। এছাড়া ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আরজে শোমক, শোমক ঘোষ। ‘কোল্ডফায়ার’-এ ঋদ্ধির সঙ্গে কাজ করেছেন তাঁর বান্ধবী সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং বন্ধু ঋতব্রত মুখোপাধ্যায়। ‘ওপেন টি বায়োস্কোপ’-এর মতো এ বার আর পর্দার সামনে নয়, বরং পিছনে জোট বেঁধেছেন তাঁরা। ছবির কস্টিউম ডিজাইনার হিসেবে থাকছেন সুরাঙ্গনা। সহ-পরিচালক ঋতব্রত।
ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির পোস্টার ঋদ্ধি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নবারুণের জন্মদিনে। লিখেছেন, খুব শিগগির মুক্তি পাবে ছবিটি।