করোনা আবহে আইপিএল থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন আশ্বিন। তাঁর সঙ্গে সরে দাঁড়ালেন তিনজন বিদেশি ক্রিকেটার। রবিবার গভীর রাতে অশ্বিন ট্যুইট করেন, ‘মঙ্গলবার থেকে এ বছরের আইপিএলে আমি বিরতি নেব। আমার পরিবার ও নিকট আত্মীয়রা কোভিড ১৯–এর বিরুদ্ধে লড়াই করছে। এই রকম কঠিন সময়ে তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরের দিকে ফিরেও আসতে পারি।’ পাশাপাশি সকলকে ঘরে থাকার, নিরাপদে থাকার ও টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন অশ্বিন। রবিবার রাতেও সানরাইরার্জ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছেন অশ্বিন। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। দলের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘অশ্বিনের কঠিন সময়ে দল ওর পাশেই আছে। দিল্লি ক্যাপিটালস অশ্বিনের পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।’ আইপিএল থেকে সরে দাঁড়ালেন অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই- এই তিন অস্ট্রেলিয়ার খেলোয়াড়ও। এঁদের মধে জাম্পা ও রিচার্ডসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার। আর টাই খেলছেন রাজস্থান রয়্যালসে।