ঠিক কী কারণে বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়, শনিবার তার ব্যাখ্যা দিয়েছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন, বেসরকারি বাসের মালিকরা যদি বিকল্প কোনও প্রস্তাব দেন সে বিষয়ে অবশ্যই রাজ্য সরকার বিবেচনা করবে। পরিবহণমন্ত্রীর এই বার্তার পরই লিখিত আকারে বিকল্প প্রস্তাব জমা দিতে চলেছে বাস মালিকদের সংগঠন।
আগামী সপ্তাহেই এই প্রস্তাবপত্রটি পরিবহণ দফতরে জমা দেবেন বলে জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায়।
বাস মালিকরা জানিয়েছেন, জেলার বাসগুলিকে ২-৩টি টোল প্লাজা অতিক্রম করে পরিষেবা দিতে হয়। যে সব টোল প্লাজায় আগে ২৩০ টাকা টোল ট্যাক্স নেওয়া হত, এখন সেই সব টোলপ্লাজায় ৫৭০ টাকা টোল ট্যাক্স নেওয়া হয়। এই টোল ট্যাক্স মুকুব করতে হবে। ব্যাঙ্কের ইএমআই, বিমার ক্ষেত্রেও ছাড় দেওয়ার দাবি জানানো হবে ওই প্রস্তাবপত্রে।