৮ বছর আগে এমনই এক ৩০ মে চলে গিয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রকে রিক্ত করেছিল সেই ঋতু-অবসান। প্রয়াত হয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। ৮ বছর পর যখন অতিমারীর দাপটে নাভিশ্বাস উঠছে বাংলার, খানিকটা যেন থমকে গিয়েছে সিনেমাও, ঠিক তখনই প্রয়াত পরিচালকের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩৫ বছরেরও বেশি অভিনয় জীবনে ঋতুপর্ণ ঘোষের মাত্র দুটো ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। ২০০৩-এ ‘চোখের বালি’, ২০০৬-এ ‘দোসর’। কিন্তু এখনও ঋতু-সখ্যের স্মৃতি নাড়িয়ে দেয় প্রসেনজিতকে। টুইটারে তিনি লিখেছেন, '৮ বছর হয়ে গেছে তোর কোনও মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস- আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান।'