টিকাকরণের পর করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা অত্যন্ত কম। ভারতে ইতিমধ্যেই ১৮ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বেশ কিছু রাজ্য টিকার জোগান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও কেন্দ্র জানিয়েছে, টিকার জোগানে কোনও খামতি হবে না। এর মধ্যেই একটি গবেষণায় জানা গিয়েছে, টিকাকরণের পরে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১ শতাংশেরও কম। তা ছাড়া যাঁদের টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৯৭.৩৮ শতাংশ মানুষ ভাইরাস থেকে সুরক্ষিত।
দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক দল বিশেষজ্ঞ এই গবেষণা করেছেন। টিকাকরণের পর ১০০ দিনের গতিপ্রকৃতি দেখা হয়েছে। তার পরেই এই দাবি করেছেন তাঁরা।