নারদ কাণ্ডের পরবর্তী শুনানি আগামী সোমবার, জানিয়ে দিল হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল হাইকোর্ট।
জেল থেকে মুক্তি পেলেও আপাতত গৃহবন্দি থাকতে হবে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। বাড়ি থেকে ভার্চুয়ালি করা যাবে প্রশাসনিক কাজকর্ম। তবে আলোচনা করতে হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভিডিও কলের সব তথ্য নথিভুক্ত থাকবে। কেউ দেখা করতে এলে, সময়, এবং দেখা করার কারণ বিস্তারিত নথিভুক্ত থাকবে। বাড়ি ঢোকার রাস্তায় সিসিটিভি-র ব্যবস্থা করতে হবে। কোনও সরকারি আধিকারিকের সঙ্গে দেখা করা যাবে না, জানিয়ে দিয়েছে আদালত।