নারদ মামলায় চারজন হেভিওয়েট নেতাকে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল রাজ্য তথা জাতীয় রাজনীতি। এর মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বিজেপি নেতা তথা বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে উঠল তথ্যগোপনের অভিযোগ। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগরের একটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করে বিজয়ী হয়েছেন মুকুল। কিন্তু তাঁর নির্বাচনী হলফনামায় নারদ মামলার কোনও উল্লেখ নেই৷ হলফনামায় একটি কলাম থাকে যেখানে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলির উল্লেখ করতে হয়। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্ররা তাতে নারদ মামলার কথা উল্লেখ করেছেন।কিন্তু মুকুল রায় করেননি। তৃণমূলের দাবি, তথ্য গোপন করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।