একদিনে করোনা পরিস্থিতি আর অন্যদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এই পরিস্থিতির মধ্যে একটু হলেও স্বস্তির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ২ মে বিধানসভার ভোটগণনার দিন থেকে ৬ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর একাধিক জেলায় বৃষ্টিপাতের ফলে গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ অনেকটাই কমবে বলে জানানো হয়েছে।