ভিন্ রাজ্যে কর্মরত এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠল। হাবরা পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত দাস কাজে গিয়েছিলেন কেরলে। গত শনিবার রাতে মায়ের সাথে সুজিতের ফোনে শেষ কথা হয়। পরিবারের দাবি, মাকে তিনি জানান সোমবার দাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু'লক্ষ টাকা পাঠাবেন।
সোমবার সহকর্মী এক বন্ধু ফোন করে জানায় সুজিতের কাজের জায়গায় দুর্ঘটনা ঘটেছে। সে হাসপাতালে চিকিৎসাধীন। এরপর পরিবারের কয়েকজন কেরলের উদ্দেশে রওনা দেন। গিয়ে জানতে পারে সুজিতের মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, সুজিত ৫ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন।
তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সুজিতের দেহ এসে পৌঁছয় তার বাড়িতে। কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার।